প্রকাশিত: Sat, Apr 1, 2023 12:47 AM
আপডেট: Thu, Jul 23, 2026 9:06 PM

সবজি ও ডিমে কিছুটা স্বস্তি, ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়েছে

মাসুদ আলম: রমজানের প্রথম সপ্তাহে সবজির দাম বাড়লেও এখন অনেকটা সহনীয়। ৪০ টাকা কেজিতেও সবজি পাওয়া যাচ্ছে। দু-একটি সবজি ছাড়া প্রায় সব ধরনের সবজি কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে।  এছাড়া ডিমের ডজন ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ১২৫ টাকা। 

ভোক্তা অধিকারের নিয়মিত অভিযানের ফলে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও আবারও কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে  ২১০ টাকা। তবে বৃহস্পতিবার ব্রয়লারের কেজি বিক্রি হয়েছে ২০০ টাকা। সোনালি মুরগি কেজিতে ৩০ টাকা কমে বিক্রি হচ্ছে ৩৩০ টাকা থেকে ৩৪০ টাকা।  গরুর মাংস ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে।

শুক্রবার রাজধানীর বাজার ঘুরে দেখা যায়, বাজারে সবজির  কমতি নেই। পেঁপের কেজি ৪০ টাকা, শিম ৪০ টাকা, হাইব্রিড শসা ৪০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা,  লাউ প্রতি পিস আকার ভেদে ৭০ থেকে ১০০ টাকা,  টমেটোর কেজি ৪০ টাকা, লেবু আকার ভেদে প্রতিহালি ৪০ টাকা থেকে ৬০ টাকা, কাঁচা কলা ৩০ টাকা হালি, ঢেঁড়স প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা,  পটল ৮০ টাকা,  কাচাঁমরিচের কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। 

সবজি বিক্রেতা সোহেল বলেন, সবজির বাজার গত সপ্তাহের তুলনায় ৫ থেকে ১০ টাকা কমেছে। আশা করা যায় দাম আরও কমবে। 

ভাটারা পূর্ব নুরেরচালার বাসিন্দা আব্দুল মুত্তালিব বলেন, বাজারে সবজির কোন সংকট নেই। তবে এক হালি লেবুর দাম ৬০ টাকা, একটা লাউ ১০০ টাকা অবাক করা দাম। সরকারের উচিত নিয়মিত বাজার মনিটরিং করা। সম্পাদনা: সালেহ্ বিপ্লব